Sunday, 1 May 2016

Dum Biriyani / দম বিরিয়ানি


বিরিয়ানি অনেকেই পছন্দ করেন, ইচ্ছে হলে ঘরেই বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো সুস্বাদু ও পারফেক্ট দম বিরিয়ানি, খুব সহজেই।

খুব সহজ ভাবে দম বিরিয়ানি রেসিপির বিবরণ দিলাম l আমি আশা করি এটার মত সহজ, যথাযথ, সুন্দর বিরিয়ানির রেসিপির বিবরণ কোথাও দেত্তয়া নেই l

ধাপে ধাপে ফটো দিলাম সুবিধার জন্য :


বিরিয়ানির মসলার জন্য :

তেজপাতা - ২ টো,
মৌরি - ১/২ চা চামচ,
এলাচ - ৪ /৬ টা,
কালোএলাচ - ২ টো,
গোটা গোলমরিচ -  ৮/১০টা,
দারচিনি - ২ টো,
লবঙ্গ - ৪ /৬ টা,
গোটা ধনে -১/২ চা চামচ,
সাজিরে / শাহী জিরা - ১/২ চা চামচ,
জয়ত্রী - ১টা,
জায়ফল - ১টা,
তারকা মৌরি / স্টার অ্যানিস- ১টা (সুপার মার্কেট, নিউ মার্কেট, বিগ বাজার গুলোতে খুজলেই পাওয়া যাবে),
কাবাব চিনি -  ৮/১০টা,
সামরিচ / শাহী মরিচ - ৮/১০টা,



বিরিয়ানির মসলা কীভাবে বানাবেন :

তেল ছাড়া শুকনো একটি প্যান / তাওয়া গরম করে এতে শুকনো মসলা দিয়ে ভাল করে ভেজে নিন। ভাজা মশলা থেকে সুগন্ধ বেরোলে মশলা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিন।
এবার একটা এয়ার টাইট কণ্টেনারে মশলা গুঁড়ো ভরে রাখুন l

বেরেস্তার জন্য :
পিঁয়াজ কুচি- ২ কাপ,
ঘি -  ২ চা চামচ,

বেরেস্তা কীভাবে বানাবেন :

কড়াইতে ঘি দিয়ে পেঁয়াজ সোনালী করে ভেজে তুলে আলাদা করে রাখুন।



চিকেন ম্যারিনেট করার জন্য :


চিকেন -  ৫০০ গ্রাম,
টক দই- ১ কাপ,
আদা রসুন বাটা - ৬ চা চামচ,
কাঁচা লংকা বাটা - ১ চা চামচ,
বিরিয়ানির মসলা - ২ টেবিল চামচ,
পিঁয়াজ বাটা - ৪ চা চামচ,
নুন - স্বাদমতো,



চিকেন রান্না করার জন্য :

তেল - ৪ চামচ
ঘি -  ২ চা চামচ

চিকেন কীভাবে বানাবেন :
চিকেনের সঙ্গে দই, বাটা মশলা, বিরিয়ানির মসলা দিয়ে মাখিয়ে ১-২ ঘণ্টা ম্যারিনেট
করুন। ম্যারিনেট করা চিকেন ঘি, তেল দিয়ে রান্না করুন।
চিকেন রান্না করার সময় গ্রেভি/ঝোল থাকবে l দই, বাটা মশলা আছে বলে l
গ্রেভি/ঝোল তুলে আলাদা করে রাখুন। চিকেন সোনালী করে ভেজে তুলে আলাদা করে রাখুন।



** গ্রেভি/ঝোল গোল করে বিরিয়ানির স্তরে / লেয়ারে ছড়িয়ে দেবার জন্য l
আবার বিরিয়ানির সাথে আলাদা করে খেতে পারেন l



বিরিয়ানির ভাত বানাবার জন্য :
বাসমতি চাল - ৫০০ গ্রাম,
এলাচ - ২ টো,
কালোএলাচ - ২ টো,
দারচিনি - ২ টো,
লবঙ্গ - ৪ টা,
তেজপাতা - ২ টো,
লেবুর রস - ১/২ চা চামচ,
ঘি -  ২ চা চামচ,
নুন - স্বাদমতো,

বিরিয়ানির ভাত কীভাবে বানাবেন :


হাঁড়িতে /ডেকচিতে পরিমানমতো জল দিয়ে এলাচ, কালোএলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা
১৫ মিনিট ভিজিয়ে রেখে সুগন্ধি জল তৈরি করুন।

একটা পাত্রে চাল গুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। সুগন্ধি জলে দিয়ে চাল গুলোকে আধ সেদ্ধ হতে দিন l আধ সেদ্ধ হবার সময় অল্প লেবুর রস , নুন দিন l এতে ভাত ঝর ঝরে , সাদা, উজ্জ্বল হবে, স্বাদ ও হবে l
চাল ফুটে গেলে ভাত এর ফ্যান ঝরিয়ে ঘি ছড়িয়ে দিন l খুব সুন্দর ঝর ঝরে , ঘি ভাত হবে l



আলু ও ডিম :
আলু - ৬ টা,
ডিম - ৬ টা,

আলু ও ডিম সেদ্ধ করে অল্প ভেজে নামিয়ে রাখুন l



বিরিয়ানির সুগন্ধ ও রঙের জন্য :

কেওড়া জল- ২ টেবিল চামচ,
জাফরান- আধ চা চামচ,
বা স্যাফরন রঙ - ২/৩ ফোঁটা,
মোগলাই মিঠা আতর - ২/৩ ফোঁটা,
দুধ- ১/৪ কাপ,

ঘি -  ২ চামচ(সবার ওপর ছড়িয়ে দেবার জন্য)

সুগন্ধি জল কীভাবে বানাবেন :
কেওড়া জল, জাফরান বা স্যাফরন রঙ, মোগলাই মিঠা আতর, দুধ একসঙ্গে মিশিয়ে সুগন্ধি জল তৈরি করুন।

** তেজপাতা - ১৫-২০ টা

হাড়িতে/ডেকচিতে নীচে বিছিয়ে দেবার জন্য l
( আমার ব্যক্তিগত এক্সপেরিমেন্ট )

প্রণালীঃ


বিরিয়ানির স্তর /লেয়ারের এর জন্য -


হাড়িতে/ডেকচিতে নীচে তেজপাতা বিছিয়ে দিন। এতে ডেকচির নীচে বিরিয়ানি লেগে যাবে না l
 ( আমার ব্যক্তিগত এক্সপেরিমেন্ট ) l অ্যালুমিনিয়াম ফয়েল ও বিছিয়ে দিতে পারেন তেজপাতার বদলে l

তেজপাতার ওপর তেল দিয়ে গ্রিজ করে প্রথমে এক স্তর আধ সেদ্ধ ঝর ঝরে ঘি ভাত দিন।



আধ সেদ্ধ চালের ওপর বিরিয়ানির মসলা, বেরেস্তা ছড়িয়ে দিন l



এর ওপর চিকেন দিন l  আলু ও ডিম দিন l সাথে গ্রেভি/ঝোল গোল করে ছড়িয়ে দিন l




এর ওপর এক স্তর আধ সেদ্ধ ঝর ঝরে ঘি ভাত দিন। সুগন্ধি জল গোল করে ছড়িয়ে দিন l



এভাবে স্তর সাজিয়ে দিন আধ সেদ্ধ ঝর ঝরে ঘি ভাত, চিকেন, ডিম, আলু, বিরিয়ানির মসলা, বেরেস্তা, সুগন্ধি জল দিয়ে l সবার ওপর ঘি ও  সুগন্ধি জল গোল করে ছড়িয়ে দিন l



বিরিয়ানিতে দম কীভাবে দেবেন :

হাড়িতে/ডেকচির মুখে চাপা ঢাকনা দিয়ে, তার ওপর অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ভালো ভাবে মুড়িয়ে নিন যাতে ভাপ না বের হতে পারে l



এরপর মাঝারি আঁচে ৮/১০ মিনিট, কম আঁচে ৮/১০ মিনিট ও একদম অল্প আঁচে ১০ মিনিট পর্যন্ত বিরিয়ানি দমে রাখতে হবে।

রান্না শেষ হলে পরিবেশনের আগে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার খুলে নিতে হবে।

ব্যাস, হয়ে গেল ধোঁয়া ওঠা গরম গরম দম বিরিয়ানি l


 ** খাসির বিরিয়ানি /মটন বিরিয়ানির ক্ষেত্রে ---------

খাসির মাংস - ৫০০ গ্রাম,

বাকি মসলা, উপকরণ, পরিমাণ, বিরিয়ানির রেসিপি, একই থাকবে l
খাসির বিরিয়ানি /মটন বিরিয়ানির ক্ষেত্রে মটন ম্যারিনেট করে আরও বেশি সময় রেখে দিন ( ৪ /৬ ঘণ্টা ) l আর মটন রান্না করার সময়টা বেশি লাগবে l

** এক চিমটি বেকিং সোডা দিতে পারেন মটন রান্না করার সময়, এতে মটন সহজে /অনায়াসে
সেদ্ধ হবে (আমার ব্যক্তিগত এক্সপেরিমেন্ট) l